গাজীপুরে নারী সাংবাদিকের ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলা: ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেফতারের কড়া আল্টিমেটাম
গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর বর্বরোচিত সশস্ত্র হামলা। অপরাধীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার কড়া আল্টিমেটাম দিয়েছে মানবাধিকার সংগঠন।![]() |
| গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারকে কুপিয়ে জখম, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম। |
গাজীপুরে পেশাগত দায়িত্ব পালনরত অবস্থায় এক নারী সাংবাদিকের ওপর অত্যন্ত বর্বরোচিত ও কাপুরুষোচিত সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। গুরুতর জখম হওয়া ওই সাংবাদিকের নাম ফাতেমা আক্তার। বর্তমানে তিনি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে রীতিমতো পাঞ্জা লড়ছেন। দেশব্যাপী সাংবাদিক সমাজের ওপর চলমান নির্যাতনের এটি আরও একটি ভয়াবহ দৃষ্টান্ত। জানা যায়, একদল অজ্ঞাতনামা সশস্ত্র দুর্বৃত্ত ফাতেমা আক্তারকে হত্যার উদ্দেশ্যে এই অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে বেদম মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করে। মুমূর্ষু অবস্থায় তাকে ঘটনাস্থলে ফেলে রেখে সন্ত্রাসীরা পালিয়ে গেলে স্থানীয় জনসাধারণ তাকে দ্রুত উদ্ধার করেন এবং উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন। ফাতেমা আক্তার একাধারে বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের একজন সক্রিয় নেত্রী, বাংলাদেশ আইন ও অধিকার এইড উইমেন্স উইংস-এর সেক্রেটারি এবং বহুল প্রচারিত দৈনিক ভোরের সময় পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তার পেশাগত দায়িত্ব পালন করে আসছিলেন। এই ন্যাক্কারজনক হামলার খবর ছড়িয়ে পড়লে গোটা সাংবাদিক সমাজ ও মানবাধিকার কর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বাংলাদেশ আইন ও অধিকার এইড উইমেন্স উইংস-এর আহ্বায়ক জাকিয়া হোসেন এই বর্বরোচিত হামলার কড়া নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন। গণমাধ্যমে পাঠানো এক বিশেষ বিবৃতিতে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ফাতেমা আক্তারের মতো একজন প্রতিবাদী নারী সাংবাদিকের ওপর এমন নৃশংস হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ঘটনার নেপথ্যে যে বা যারাই থাকুক না কেন, তাদের অবিলম্বে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। একইসঙ্গে তিনি প্রশাসনের প্রতি একটি কঠোর আল্টিমেটাম ছুঁড়ে দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতার করা না হয়, তবে বাংলাদেশ আইন ও অধিকার এইড উইমেন্স উইংস-এর পক্ষ থেকে দেশব্যাপী দুর্বার ও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। এই ন্যক্কারজনক ঘটনার পর থেকে গাজীপুরসহ সারাদেশের সাংবাদিক অঙ্গনে চাপা উত্তেজনা বিরাজ করছে। অবিলম্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের জন্য জোরালো আহ্বান জানিয়েছেন সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। অন্যথায় গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

