বিএম কলেজ সাংবাদিক সমিতির সহ-সভাপতি হলেন হোসাইন সিপাহী
দীর্ঘ ১৪ বছর পর বরিশাল বিএম কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠিত। এতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সময়ের কণ্ঠস্বরের প্রতিনিধি মো. হোসাইন সিপাহী।দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের আক্ষেপের অবসান ঘটল। দীর্ঘ ১৪ বছর পর ২০১২ সালের পর প্রথমবারের মতো বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএমসিজেএ)-এর নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আগামী ২০২৬-২৭ কার্যবর্ষের জন্য ১১ সদস্যবিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়। নবগঠিত এই কমিটিতে একমাত্র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে চমক সৃষ্টি করেছেন দেশের অন্যতম জনপ্রিয় মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল ‘সময়ের কণ্ঠস্বর’-এর অদম্য প্রতিনিধি মো. হোসাইন সিপাহী। জানা গেছে, বিএম কলেজ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম এবং সংগঠনটির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ও প্রধান সমন্বয়কারী আযাদ আলাউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এই ঘোষণার পর থেকে পুরো ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। বিশেষ করে সহ-সভাপতি হিসেবে মো. হোসাইন সিপাহীর নাম ঘোষণার পর সাংবাদিক মহলে এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। মো. হোসাইন সিপাহীর সাংবাদিকতায় হাতেখড়ি ছাত্রজীবন থেকেই। প্রথমদিকে শখের বশে লেখালেখি করলেও ধীরে ধীরে তা পেশাদারিত্বে রূপ নেয়। দেশের একমাত্র ট্যাবলয়েড পত্রিকা দৈনিক মানবজমিনে কাজের সুযোগ পাওয়ার পর তিনি নিজেকে প্রমাণ করতে শুরু করেন। টানা তিন বছর নানা প্রতিকূলতার মাঝে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে তিনি তার ক্ষুরধার লেখনীর মাধ্যমে স্থানীয় মানুষের হৃদয়ে একটি শক্ত অবস্থান তৈরি করে নেন। প্রিন্ট মিডিয়ার পাশাপাশি ভিডিও সাংবাদিকতাতেও তিনি নিজ শহরে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হন। বর্তমানে তিনি ঢাকার বহুল প্রচারিত মাল্টিমিডিয়া সংবাদ মাধ্যম ‘সময়ের কণ্ঠস্বর’-এর প্রতিনিধি হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে নিজ দায়িত্ব পালন করে যাচ্ছেন। সাংবাদিকতা পেশায় আধুনিকতার ছোঁয়া লাগাতে এবং নতুনত্ব আনতে তিনি নিরলস কাজ করে চলেছেন। ঐতিহ্যবাহী বিএম কলেজের মতো একটি বৃহত্তর বিদ্যাপীঠের সাংবাদিক সমিতির সহ-সভাপতি পদে এমন একজন সৃষ্টিশীল ও উদ্যমী তরুণকে পেয়ে সংশ্লিষ্ট সকলেই আনন্দিত। অনেকেই মনে করছেন, হোসাইন সিপাহীর মতো পরিশ্রমী সংবাদকর্মীর হাত ধরে বিএম কলেজ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আগামী দিনগুলোতে ক্যাম্পাস সাংবাদিকতায় এক নতুন দিগন্তের উন্মোচন করবে এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে আরও বলিষ্ঠ ভূমিকা পালন করবে।

