অল্প বৃষ্টিতে পানির তলানিতে বাজার,চরম দুর্ভোগে খিদিরপুরবাসি
সামান্য বৃষ্টি হলেই সড়কে জমে যায় পানি। বৃষ্টি থেমে গেলেও দীর্ঘ সময় ধরে থাকে জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়ছেন লক্ষ্মীপুর সদর উপজেলার ৩ নম্বর দালাল বাজার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খিদিরপুর তালতলা এলাকার বাসিন্দা, পথচারী, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কার্যকর পানি নিষ্কাশনব্যবস্থা না থাকায় প্রতিবছর বর্ষা মৌসুমে একই সমস্যার সৃষ্টি হচ্ছে। সড়কের দুই পাশে থাকা দোকানপাট, মার্কেট ও বসতবাড়ির পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি ও ব্যবহৃত পানি সরাসরি সড়কের ওপর এসে জমা হচ্ছে।
এতে পথচারীদের চলাচল ও যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। পাশাপাশি দীর্ঘ সময় পানি জমে থাকায় সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। জমে থাকা নোংরা পানিতে পরিবেশও অস্বাস্থ্যকর হয়ে উঠছে বলে জানান স্থানীয়রা।
একজন বাসিন্দা বলেন, “সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যায়। বৃষ্টি থেমে গেলেও ঘণ্টার পর ঘণ্টা পানি সরতে চায় না। এতে আমাদের চলাচলে অনেক সমস্যা হয়।”
স্থানীয়দের দাবি, দ্রুত সড়কটি পরিদর্শন করে প্রয়োজনীয় ড্রেন নির্মাণ ও স্থায়ী পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হোক। একই সঙ্গে সড়কের ওপর পানি জমা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নিক।

