মিরসরাইয়ে গাছবাড়িয়া খাল পুনঃখনন প্রকল্পের বর্ণাঢ্য উদ্বোধন করলেন সংসদ সদস্য জনাব নুরুল আমিন (এমপি)
মিরসরাইয়ের ওয়াহেদপুর ইউনিয়নে গাছবাড়িয়া খাল পুনঃখনন উদ্বোধন করলেন এমপি নুরুল আমিন। এতে দূর হবে সেচ ও জলাবদ্ধতার দীর্ঘদিনের সমস্যা, উপকৃত হবেন কৃষকরা।
প্রকাশঃ
চট্রগ্রাম মিরসরাই উপজেলার কৃষি ও অবকাঠামোগত উন্নয়নে যুক্ত হলো আরও একটি নতুন পালক। দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘব এবং স্থানীয় কৃষিতে সেচ সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে এবার শুরু হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ। উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের আওতাধীন নিজামপুর এলাকার ঐতিহ্যবাহী গাছবাড়িয়া খাল পুনঃখনন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এই মহতী উদ্যোগের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন মিরসরাই আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নুরুল আমিন এমপি । এই খাল খনন প্রকল্পের মাধ্যমে অত্র এলাকার বিশাল একটি জনগোষ্ঠীর দীর্ঘদিনের লালিত স্বপ্নের বাস্তব রূপ পেতে চলেছে। কৃষিপ্রধান এই অঞ্চলে সেচ ব্যবস্থার উন্নয়ন, বর্ষা মৌসুমে পানিবদ্ধতা নিরসন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এই উদ্যোগটি একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। উদ্বোধনী আয়োজনে সংসদ সদস্য নুরুল আমিন ফিতা কেটে এবং বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে খননকাজের সূচনা করেন।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের বিশিষ্ট প্রতিনিধি এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ ও প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খালটি পলি জমে ভরাট হয়ে যাওয়ায় শুষ্ক মৌসুমে যেমন সেচের পানির তীব্র সংকট দেখা দিত, তেমনি বর্ষাকালে পানি নিষ্কাশনের অভাবে হাজার হাজার হেক্টর ফসলি জমি ও লোকালয় তলিয়ে যেত। এই পুনঃখনন কাজ পুরোপুরি শেষ হলে বিস্তীর্ণ ফসলি জমি সঠিক সেচ সুবিধার আওতায় আসবে, যা এলাকার কৃষিজ উৎপাদনকে বহুগুণ বাড়িয়ে দেবে বলে প্রত্যাশা করা হচ্ছে। একইসঙ্গে অত্র অঞ্চলের সার্বিক আর্থসামাজিক উন্নয়নেও এই প্রকল্পটি ব্যাপক ইতিবাচক ভূমিকা রাখবে। মাননীয় সংসদ সদস্য তাঁর উদ্বোধনী বক্তব্যে মিরসরাইয়ের সার্বিক উন্নয়নের এই অদম্য ধারা অব্যাহত রাখার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে অত্যন্ত স্বচ্ছতার সাথে খাল খননের কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কড়া নির্দেশ প্রদান করেন।


