আমাকে ট্রাম্প কার্ড বানিয়ে অসম্মান করা হয়েছে: রোজিনা
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন কিংবদন্তি অভিনেত্রী রোজিনা। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, নির্বাচনের আগে নানা আশ্বাস দিয়ে তাকে নির্বাচনে আনলেও শেষ পর্যন্ত পরিকল্পিতভাবে তাকে পরাজিত করা হয়েছে।
রোজিনার অভিযোগ, সাধারণ সম্পাদক নির্বাচিত জয় চৌধুরী তাকে সম্মান রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ভোটের সময় তার প্যানেলের অনেকেই তাকে ভোট দেননি। তিনি আরও দাবি করেন, ভোট কেনাবেচা, কারচুপি ও নানা অনিয়মের মাধ্যমে তাকে হারানো হয়েছে। তার ভাষায়, "আমাকে ট্রাম্প কার্ড বানিয়ে অসম্মান করা হয়েছে। আমি হারিনি, আমাকে হারানো হয়েছে।"
তিনি বলেন, বর্তমান শিল্পী সমিতিতে সিনিয়র শিল্পীদের যথাযথ সম্মান নেই এবং নির্বাচনে টাকার প্রভাব বেড়েছে। এ কারণে ভবিষ্যতে আর কখনো শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেবেন না বলেও জানান।
আবেগঘন বক্তব্যে রোজিনা আরও বলেন, যে এফডিসিকে একসময় নিজের ঘর মনে করতেন, সেই জায়গা এখন তার কাছে আর আগের মতো নেই। এমনকি মৃত্যুর পরও তার মরদেহ যেন এফডিসিতে না নেওয়া হয়—এমন ইচ্ছার কথাও প্রকাশ করেন।
তবে রোজিনার এসব অভিযোগের বিষয়ে নবনির্বাচিত সাধারণ সম্পাদক জয় চৌধুরী বা নির্বাচন সংশ্লিষ্টদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

