x

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[tenolentSC] / results=[3] / label=[latest] / type=[headermagazine]

উপকূলের কৃষিতে নতুন সম্ভাবনা, অনুমোদন পেল লবণাক্ততা-সহনশীল ‘ব্রি ধান১১৯’

ব্রি উদ্ভাবিত লবণাক্ততা-সহনশীল উচ্চফলনশীল ‘ব্রি ধান১১৯’ আমন মৌসুমে চাষের চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এতে উপকূলীয় কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
প্রকাশঃ
অ+ অ-

উপকূলের লবণাক্ত জমিতে নতুন সম্ভাবনা, অনুমোদন পেল উচ্চফলনশীল ‘ব্রি ধান১১৯’

লবণাক্ততাপ্রবণ উপকূলীয় অঞ্চলে ধান উৎপাদনে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উদ্ভাবিত উচ্চফলনশীল ধানের জাত ‘ব্রি ধান১১৯’। আধুনিক প্রজনন কৌশলে উদ্ভাবিত এ জাতটি রোপা আমন মৌসুমে চাষের চূড়ান্ত অনুমোদন পেয়েছে। জাতটির গড় ফলন হেক্টরপ্রতি ৫ দশমিক ৭ টন। ফলে উপকূলীয় অঞ্চলের কৃষকদের উৎপাদন ও আয় বৃদ্ধিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্ট গবেষকেরা।

গত ২৮ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত জাতীয় বীজ বোর্ডের ১১৬তম সভায় ‘ব্রি ধান১১৯’ জাতটি রোপা আমন মৌসুমে চাষের চূড়ান্ত অনুমোদন পায়।

ব্রি’র উদ্ভিদ প্রজনন বিভাগের গবেষকেরা স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন প্রকল্পের (এলএসটিডি) অর্থায়নে আধুনিক প্রজনন কৌশল প্রয়োগ করে মাত্র সাড়ে সাত বছরে জাতটি উদ্ভাবন করেন। প্রচলিত প্রজনন পদ্ধতির তুলনায় এতে প্রায় চার বছর কম সময় লেগেছে।

গবেষণা অনুযায়ী, ‘ব্রি ধান১১৯’-এর গড় ফলন হেক্টরপ্রতি ৫ দশমিক ৭ টন। পরিবেশ ও লবণাক্ততার মাত্রাভেদে এর ফলন হেক্টরপ্রতি ৪ দশমিক ৮ থেকে ৭ দশমিক ৬ টন পর্যন্ত হতে পারে। যা প্রচলিত ‘ব্রি ধান৭৩’-এর তুলনায় হেক্টরপ্রতি প্রায় এক টন বেশি। জাতটির জীবনকাল প্রায় ১১৫ দিন। এটি ঢলে পড়া প্রতিরোধী। চাল মাঝারি চিকন ও সাদা এবং রান্নার পর ভাত ঝরঝরে হয়।

লবণাক্ততা সহনশীলতার দিক থেকেও জাতটি বেশ সম্ভাবনাময়। গবেষণায় দেখা গেছে, চারা অবস্থায় টানা তিন সপ্তাহ পর্যন্ত ১২ ডেসিসিমেন্স/মিটার লবণাক্ততা সহ্য করতে পারে এটি। পরবর্তী বৃদ্ধি পর্যায়ে ৮ থেকে ১০ ডেসিসিমেন্স/মিটার লবণাক্ততায়ও ফলন দেওয়ার সক্ষমতা রয়েছে। তবে জমির লবণাক্ততার মাত্রা, স্থায়িত্ব ও পরিচর্যার ওপর ফলন নির্ভর করবে। শুধু লবণাক্ত অঞ্চল নয়, অনুকূল পরিবেশেও জাতটি চাষের উপযোগী।

এ ছাড়া স্বল্প জীবনকালের কারণে আমন ধান কাটার পর উপযোগী জমিতে সরিষা বা সূর্যমুখীর মতো অতিরিক্ত ফসল চাষের সুযোগ তৈরি হতে পারে। বোরো মৌসুমে চাষের জন্যও জাতটি জাতীয় কারিগরি কমিটির সুপারিশ পেয়েছে। তবে এ মৌসুমে চাষের চূড়ান্ত অনুমোদন এখনো পাওয়া যায়নি।

ব্রি’র মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম বলেন, “ব্রি ধান১১৯ আমাদের কৃষি বিজ্ঞানীদের আধুনিক প্রজনন দক্ষতার এক অনন্য নিদর্শন।” তিনি আশা প্রকাশ করেন, এ জাতটি উপকূলীয় কৃষকের উৎপাদন ও আয় বৃদ্ধির পাশাপাশি দেশের খাদ্যনিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ব্রি’র উদ্ভিদ প্রজনন বিভাগের বিভাগীয় প্রধান ড. খোন্দকার মো. ইফতেখারুদ্দৌলা বলেন, মাত্র সাড়ে সাত বছরে এমন উচ্চফলনশীল জাত উদ্ভাবন একটি বড় অর্জন। লবণাক্ততার পাশাপাশি অনুকূল পরিবেশেও জাতটির ভালো ফলন কৃষিতে বৈচিত্র্য আনার সুযোগ তৈরি করবে।

গবেষক দলের নেতৃত্ব দেন ব্রি’র উদ্ভিদ প্রজনন বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ এখলাছুর রহমান। সহপ্রজননবিদ হিসেবে দায়িত্ব পালন করেন একই বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হাসিনা খাতুন, সিনিয়র প্ল্যান্ট ব্রিডার নুসরাত জাহান, বৈজ্ঞানিক কর্মকর্তা আরমিন আক্তার সেতু এবং বৈজ্ঞানিক কর্মকর্তা (সিআরসিআইএল) রিবেত ফারজানা দিশা।

গবেষক দলের নেতৃত্বদানকারী ড. মোহাম্মদ এখলাছুর রহমান বলেন, “দীর্ঘ ও চ্যালেঞ্জিং এই উদ্ভাবনী যাত্রার প্রতিটি ধাপে আমাদের টিম অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করেছে। কৃষকের মাঠে এর সুফল দেখতে পাওয়ার আনন্দই আমাদের আসল প্রাপ্তি।”

এলএসটিডি প্রকল্পের পরিচালক ড. মো. আনোয়ার হোসেন বলেন, প্রকল্পের আওতায় ব্রি ধান১১৯-এর অনুমোদন একটি উল্লেখযোগ্য সাফল্য। জাতটি উপকূলীয় অঞ্চলে ধানের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং টেকসই খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী। তিনি জানান, এর আগে এ প্রকল্পের আওতায় ব্রি ধান১১৬, ব্রি ধান১১৭ এবং ব্রি হাইব্রিড ধান১০ অবমুক্ত হয়েছে। এসব অর্জন স্থানভিত্তিক ধানের জাত উদ্ভাবনে প্রকল্পটির ধারাবাহিক গবেষণার প্রতিফলন।

সংশ্লিষ্ট গবেষকদের মতে, ব্রি ধান১১৯-এর চূড়ান্ত অনুমোদন উপকূলীয় কৃষিতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে এ উদ্ভাবনের প্রকৃত সুফল কৃষকের ঘরে পৌঁছে দিতে প্রয়োজন মানসম্মত বীজের পর্যাপ্ত সরবরাহ, সঠিক চাষাবাদ পদ্ধতি এবং মাঠপর্যায়ে প্রয়োজনীয় পরামর্শ। এসব নিশ্চিত করা গেলে লবণাক্ততাপ্রবণ অঞ্চলে ধান উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকের আয় বৃদ্ধি ও দেশের খাদ্যনিরাপত্তা জোরদারে নতুন সম্ভাবনা তৈরি হবে।


Delete Comment?

Are you sure you want to permanently delete this comment?

User
OR
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন