সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীকে র্যাগিংয়ের অভিযোগ, ছাত্রদলের মধ্যস্থতায় সমাধান
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (প্রস্তাবিত) বাঙলা কলেজ ক্যাম্পাসে এক শিক্ষার্থীকে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নাজমুল হাসান ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
অভিযোগে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার, শিক্ষার্থীদের অধিকার ও বিভিন্ন প্রশাসনিক অসঙ্গতি নিয়ে কথা বলার জেরে দীর্ঘদিন ধরেই কিছু সিনিয়র শিক্ষার্থীর চাপ ও ভয়ভীতির মুখে ছিলেন নাজমুল। সর্বশেষ ইনকোর্স পরীক্ষা শেষে তাকে একটি কক্ষে নিয়ে দেড় ঘণ্টার মতো জিজ্ঞাসাবাদ ও মারধরের অভিযোগ ওঠে। এ ঘটনায় মাহফুজ, মারুফসহ কয়েকজনের নাম উল্লেখ করেন তিনি।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুক্তভোগী নাজমুলকে নিয়ে পোস্ট ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোখলেসুর রহমানের। পরে তিনি নিজেই ঘটনার খোঁজ নেন।
পরবর্তীতে বুধবার দুপুর ২টায় ভুক্তভোগী নাজমুল, অভিযুক্ত মাহফুজ ও তার সহযোগীদের নিয়ে ভূগোল বিভাগের বিভাগীয় প্রধানের সঙ্গে বসে বিষয়টি মীমাংসা করা হয়। এসময় অভিযুক্তরা নাজমুলের কাছে দুঃখ প্রকাশ করেন বলেও জানা গেছে।
ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান বলেন, “আমরা তার কাছ থেকে পুরো ঘটনা শুনেছি। বিষয়টি নিয়ে বিভাগের শিক্ষকরা বসে মিমাংসা করা হয়েছে।”
কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুল হাসান বলেন, “এটা ইন্টারের শিক্ষার্থী হলে আমি দেখতাম। কিন্তু অনার্সের শিক্ষার্থী হওয়ায় বিষয়টি বিভাগীয় প্রধান দেখবেন।”

