জোরারগঞ্জে পুলিশের মানবিকতায় স্বস্তি: বৃদ্ধের উপার্জনের একমাত্র সম্বল চুরি হওয়া ইজিবাইক উদ্ধার ও হস্তান্তর
জোরারগঞ্জে যাত্রীবেশে দুর্বৃত্তদের হামলায় ছিনতাই হওয়া ৮০ বছর বয়সী বৃদ্ধের ইজিবাইক উদ্ধার করে হস্তান্তর করেছে পুলিশ। এতে বৃদ্ধের মুখে হাসি ফুটেছে।![]() |
| জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম আনুষ্ঠানিকভাবে উদ্ধারকৃত ইজিবাইকটি এর প্রকৃত মালিক মোঃ নুরুজ্জামানের কাছে হস্তান্তর করেছেন |
চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানা পুলিশের তাৎক্ষণিক ও মানবিক পদক্ষেপে এক অসহায় বৃদ্ধ ফিরে পেলেন তার উপার্জনের একমাত্র সম্বল। সম্প্রতি অভিনব কায়দায় চুরি হওয়া একটি ব্যাটারিচালিত অটোরিক্সা বা ইজিবাইক উদ্ধারের পর প্রকৃত মালিকের হাতে তুলে দিয়েছে পুলিশ। ঘটনার বিস্তারিত বর্ণনায় জানা যায়, ভোর আনুমানিক ছয়টা বিশ মিনিটের দিকে বারইয়ারহাট বাজার এলাকা থেকে দুইজন অপরিচিত ব্যক্তি যাত্রী সেজে গণকছড়া যাওয়ার উদ্দেশ্যে আশি বছর বয়সী প্রবীণ চালক মোঃ নুরুজ্জামানের ইজিবাইকটি ভাড়া করেন। বয়সের ভারে ন্যুব্জ নুরুজ্জামান জীবিকার তাগিদে সরল বিশ্বাসে তাদের নিয়ে গন্তব্যের দিকে রওনা হন। সকাল প্রায় ছয়টা চল্লিশ মিনিটে জোরারগঞ্জ থানাধীন ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নস্থ গণকছড়া রোডের একটি কালভার্টের ওপর পৌঁছালে ওই দুই দুর্বৃত্ত তাদের আসল রূপ ধারণ করে। তারা সিগারেট ধরানোর অজুহাত দেখিয়ে চালককে গাড়ি থামাতে বাধ্য করে। গাড়ি থামানো মাত্রই যাত্রীর ছদ্মবেশে থাকা ওই দুই প্রতারক অতর্কিত হামলা চালায় বৃদ্ধ নুরুজ্জামানের ওপর। তারা তাকে সজোরে ধাক্কা দিয়ে রাস্তার পাশের গভীর খালে ফেলে দেয় এবং আনুমানিক এক লক্ষ টাকা মূল্যের ব্যাটারিচালিত অটোরিক্সাটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই নির্মম ঘটনার পর অসহায় নুরুজ্জামান জোরারগঞ্জ থানায় একটি চুরির মামলা দায়ের করেন। মামলা রুজু হওয়ার পর পরই থানা পুলিশ অত্যন্ত তৎপরতার সাথে মাঠে নামে। প্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পার্শ্ববর্তী ছাগলনাইয়া থানা এলাকা থেকে চুরি হওয়া ইজিবাইকটি অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। একইসাথে ঘটনার সাথে সরাসরি জড়িত দুই অপরাধীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। পরবর্তীতে আদালতের নির্দেশক্রমে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম আনুষ্ঠানিকভাবে ইজিবাইকটি এর প্রকৃত মালিক মোঃ নুরুজ্জামানের কাছে হস্তান্তর করেন। নুরুজ্জামানের পিতার নাম মৃত মোঃ ইদ্রিছ, তার বাড়ি চট্টগ্রামের জোরারগঞ্জ থানাধীন ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খিলমুরারী গ্রামের নুরুজ্জামার গো বাড়িতে। হারানো সম্বল ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এই প্রবীণ। ইজিবাইক হস্তান্তরের সময় জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হালিম উপস্থিত সকলের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। তিনি ব্যাটারিচালিত অটোরিক্সা চালকদের উদ্দেশ্যে বলেন, জীবিকা নির্বাহের পাশাপাশি নিজেদের নিরাপত্তার স্বার্থে সর্বদা সতর্ক থাকতে হবে। বিশেষ করে নির্জন রাস্তায় বা ভোররাতে অপরিচিত যাত্রী পরিবহনের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করা জরুরি। পাশাপাশি তিনি এক অসহায় বৃদ্ধের উপার্জনের একমাত্র মাধ্যমটি উদ্ধার করে তার মুখে হাসি ফোটাতে পেরে পুলিশের পক্ষ থেকে গভীর সন্তোষ প্রকাশ করেন। মানবিক এই দৃষ্টান্ত এলাকায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসকে আরও সুদৃঢ় করেছে।

